টয়লেটের পাশে সেমাই তৈরি, ২ কারখানাকে লাখ টাকা জরিমানা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ১৮ নম্বর ওয়ার্ডের শহীদ নগর এলাকায় র‍্যাব, জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ। সঙ্গে ছিলেন র‍্যাব ১১-এর সিপিসি-১ স্কোয়াড কমান্ডার এএসপি আল মাসুদ খান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে খোলা টয়লেটের পাশে অত্যন্ত নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল ঈদের অন্যতম অনুষঙ্গ সেমাই। এমন গোপন খবরের ভিত্তিতে ‘গ্রামীণ সেমাই’ কারখানায় অভিযান চালানো হয়। সেখানে খোলা টয়লেটের পাশে সেমাই উৎপাদন এবং বৈধ অনুমোদন ছাড়াই বিএসটিআই-এর সিল ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় বিপুল পরিমাণ উৎপাদিত সেমাই।

পাশাপাশি, ‘আনন্দ সেমাই’ নামের আরেকটি কারখানায় অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়মবহির্ভূতভাবে পণ্য প্যাকেটজাত করার অপরাধে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব ১১-এর এএসপি আল মাসুদ খান বলেন, ঈদকে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করে। জনস্বাস্থ্যের কথা চিন্তা করে র‍্যাবের এই বিশেষ অভিযান ঈদ পর্যন্ত চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *