ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতায়িত হয়ে মামা রফিকুল সরকার (৫৪) ও ভাগ্নে নূর আলম বাবুর (৪৫) মৃত্যু হয়েছে।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকার বাগানমাঠ গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
রফিকুল সরকার বাথানমাঠ গ্রামের মৃত জামসেদ সরকারের ছেলে এবং নূর আলম বাবু মৃত আবু সামার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, কৃষক রফিকুল সরকার দুপুরে গ্রামের মাঠে নিজের ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। ওই সময় সেচ পাম্পের ছিঁড়ে যাওয়া মোটরের তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি বুঝতে পেরে পাশের জমিতে কর্মরত নুর আলম বাবু তাকে উদ্ধার করতে ছুটে যান। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। একপর্যায়ে দুজনই ঘটনাস্থলেই মারা যান।
পরে মাঠে থাকা অন্য কৃষকরা জমিতে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মহেশপুর থানার উপরিদর্শক (এসআই) রেজাউল সমাজদার বলেন, মরদেহে বিদ্যুতায়িত হওয়ার লক্ষণ পাওয়া গেছে। এ কারণে তাদের পরিবারের লোকজন কোনো অভিযোগ করতে রাজি হননি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অনাপত্তির শর্তে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত যথাযথ প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ পারিবারিকভাবে দাফন করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।