বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ‘আটকে রেখে হেনস্তা’ ও ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন।
রোববার (৫ এপ্রিল) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
এ প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন বলেন,
নোবেলের জামিন চেয়ে আজ আবেদন করেছিলাম। আসামির উপস্থিতিতে জামিন শুনানি হয়। আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
আনাননিয়া শবনম রোজ (অনন্যা) নামের এক তরুণী গত বছরের ১৩ অগাস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ‘ছোট ভাই’ মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে হেনস্তা, ‘আপত্তিকর’ ছবি তৈরির চেষ্টা এবং প্রতারণা করে ১৩ লাখ টাকা ‘আত্মসাত’ করেন নোবেল।
অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। গত ৭ জানুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। যার ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। এরপর বাদীর অনাপত্তিতে আপসের শর্তে তিনি জামিন পান।
কিন্তু জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই বাদীকে ডেমরার বাসায় নিয়ে মারধর করেন নোবেল। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে জামিন বাতিলের আবেদন করলে ২ এপ্রিল বাদীর আবেদন আমলে নিয়ে নোবেলের জামিন বাতিল করেন আদালত। এর ঠিক তিনদিনের মাথায় আদালতে আবেদন করে জামিন পেলেন বিতর্কিত এ সংগীতশিল্পী।