ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আবুল কালাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত মামাতো ভাই কাশেম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম ও তার মামাতো ভাই কাশেমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে আবুল কালাম সোহাগী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওৎ পেতে থাকা কাশেম তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।