চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে নুরুল আবসার (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রাসেল (৩২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত ব্যক্তি আপন ভাই।
গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকারপাড়া এলাকায় দীর্ঘদিনের বিভিন্ন চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ওই দুই যুবকের ওপর ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার রাতে তাদের খুঁজে না পেলেও শনিবার বিকেলে স্থানীয়রা তাদের দুজনকে ধরে একটি মাদ্রাসা মাঠে নিয়ে যায়। সেখানে উত্তেজিত জনতা তাদের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করলে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পরিবারের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে চিকিৎসক নুরুল আবসারকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, গণপিটুনির খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।