চার দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন রাষ্ট্রপতি। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।  

এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই প্রথম রাষ্ট্রপতির নিজ জেলা পাবনা সফর। এই সফর ঘিরে ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, আগামীকাল রোববার (২৯ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।

৩০ মার্চ সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। একইদিন সন্ধ্যা সাতটায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন তিনি। রাত ৯টায় সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।

রাষ্ট্রপতি ৩১শে মার্চ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১২টায় হেলিকপটারযোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *