চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠকের আশা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ‘এই সপ্তাহেই’ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ।

মিয়ামিতে এক বিনিয়োগ ফোরামে তিনি বলেন, আমরা আশা করছি এই সপ্তাহেই বৈঠক হবে। ইতিবাচক কিছু সংকেত পাওয়া যাচ্ছে, বিশেষ করে জাহাজ চলাচল শুরু হওয়া একটি ভালো লক্ষণ। প্রেসিডেন্ট একটি শান্তিচুক্তি চান। খবর আনাদোলুর

উইটকফ আরও বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে এবং চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষেই তারা।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখন আলোচনায় আগ্রহী। তিনি দাবি করেন, তারা দুর্বল হয়ে পড়েছে, এখন তারা চুক্তি করতে চায়।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যেই শেষ করা সম্ভব এবং এতে স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ১৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাকসহ বিভিন্ন উপসাগরীয় দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও হরমুজ প্রণালির বাণিজ্যিক চলাচলেও এর প্রভাব পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *