গ্যাস লিকেজ থেকে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে একটি সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন- মো. তারেক (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও শিশু ইরফান (১১)।

উদ্ধারকারী প্রতিবেশী আরমান জানান, হুমায়ুন রোডের ওই সার্ভিসিং সেন্টারে একটি প্রাইভেটকার মেরামতের কাজ চলছিল। বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সেখানে থাকা গ্যারেজ মালিক ও কর্মরত শ্রমিকসহ অন্তত আটজন দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মোহাম্মদপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মধ্যে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

ডা. শাওন বিন রহমান আরও জানান, বাকি দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের শরীরের ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যদের দগ্ধের পরিমাণ ১ থেকে ৫ শতাংশের মধ্যে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *