গোপনে ঘোড়ার মাংস বিক্রি, ৩ জনের কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গোপনে পাঁচটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বিনোদনগড় ইউনিয়নের গাজিপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নেত্রকোনা জেলার ত্রিশাল এলাকার আব্দুল্লাহ (৫৫), রংপুর সদর উপজেলার রুবেল হোসেন (৫০) এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রবিউল ইসলাম (৪৮)।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে গাজিপুর গ্রামে মিঠু মিয়ার ভাড়া দেওয়া একটি গরুর শেডে এই তিন ব্যক্তি মিলে পাঁচটি ঘোড়া জবাই করেন। পরবর্তী সময়ে মাংস ভাগাভাগি বা অন্য কোনো কারণে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে তাদেরই একজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে তিনজনকে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, একটি গরুর খামারে গোপনে ঘোড়া জবাইয়ের গোপন সংবাদ পাওয়ার পর পুলিশসহ সেখানে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়অ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *