গণসংহতি আন্দোলনের (জিএসএ) দলীয় প্রধানের পদ ছেড়েছেন জোনায়েদ সাকি। দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নিয়েছেন কৃষকনেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু।
শনিবার (৪ এপ্রিল) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। দলীয় প্রধান ও সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব একইসঙ্গে পালন না করার নীতিগত জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আবুল হাসান রুবেল বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শকে অনুসরণ করে রাষ্ট্রীয় ক্ষমতা ও সংগঠনের পৃথকীকরণের নীতি অনুসরণ করে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি জানান, দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
প্রসঙ্গত, ২০০২ সালের ২৯ আগস্ট জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বেশ কয়েকটি গণসংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ হিসেবে গণসংহতি আন্দোলন যাত্রা শুরু করেছিল।
সর্বশেষ ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে জিএসএর ৫ম জাতীয় সম্মেলনে ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয় যেখানে প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হন জোনায়েদ সাকি।
এসএন/পিডিকে