সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি ঘোষণা করে মামুনুল হক বলেন, ‘আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগ পালিত হবে। ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। এছাড়া ১১ এপ্রিল দেশের সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি। ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।’
মামুনুল হক আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানারকম ছলছাতুরি করছে। তারা সুস্পষ্টত মানুষের ম্যান্ডেটকে অপমান করেছে।’
বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আরও বলেন, ‘দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা রুখে দিব। আমরা গণভোটের রায় যেভাবে হোক কার্যকর করব। আমরা এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব।’
এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠক করে নির্বাচনি ঐক্যভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা।