আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হলরুম থেকে ১২৬টি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় এসব সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সাতকানিয়ার ১২৬টি কেন্দ্রে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে এবার মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ সন্তোষজনক এবং বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ভোটাররা আগামীকাল কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।