কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

কুমিল্লা সেনানিবাসে আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন এবং ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। আজ রোববার (১৫ মার্চ) এক সংক্ষিপ্ত সফরে কুমিল্লা সেনানিবাসে তিনি এই উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আর্মি মেডিকেল কলেজ ও নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের নিজস্ব জায়গায় এরিয়া সদর দপ্তরের দেওয়া পাঁচ একর জমিতে আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বর্তমানে সেনানিবাসের সন্নিকটে ৭ দশমিক ৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো।

বর্তমানে কলেজটিতে ২৫০ শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে মোট ২৮৩ শিক্ষার্থী চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে কর্মরত রয়েছেন। এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তি, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *