পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবৈধভাবে পরিবহণের সময় বিপুল জ্বালানি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি ট্রলার থেকে তিন হাজার ২০০ লিটার ডিজেল ও তিন হাজার লিটার পেট্রোল জব্দ করা হয়।
জানা গেছে, ট্রলারটি ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল নিয়ে কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।
অভিযান শেষে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহ ও পরিবহণের দায়ে ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’ এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, ফিলিং স্টেশন থেকে অনিয়মিতভাবে তেল সংগ্রহ, মজুদ ও অবৈধ পরিবহণের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বর্তমানে জব্দকৃত তেল আইনানুগ প্রক্রিয়ায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।