কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমের জামিন নাকচ

রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।

এর আগে, গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে, আসামির আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। গতকাল বিচারক জামিন আবেদনের শুনানি জন্য আজকের দিন নির্ধারণ এবং আসামিকে কারাগারে প্রেরণ করেন। আজ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন বিচারক। এতে আসামি আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে থাকতে হবে।

ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মোক্তার হোসেন বলেন, গত রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আর এস ফাহিমকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। এরপর গতকাল আসামিকে কারাগারে পাঠান আদালত।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৯ জুলাই রাজধানীর গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী মো. ইমরান (৩০) কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিলে অজ্ঞাত আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *