ওসমান হাদি হত্যা মামলা

১৪ দিনের রিমান্ড শেষে কলকাতার আদালতে ফয়সাল ও আলমগীর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ রোববার (২২ মার্চ) তাদের আদালতে হাজির করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)।

আদালতে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেকে নির্দোষ দাবি করে প্রধান আসামি ফয়সাল বলেন, “আমি এই কাজ করিনি এবং এ ধরনের কোনো কাজে আমি লিপ্ত ছিলাম না। আমাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে।”

তবে তার সহযোগী আলমগীর এ সময় কোনো মন্তব্য করেননি। আদালতে তোলার আগে নিয়ম অনুযায়ী তাদের বিধাননগর হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করানো হয়।

এর আগে, গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে এসটিএফ। ৮ মার্চ তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছিলেন। আজ সেই রিমান্ড শেষে পুনরায় তাদের আদালতে তোলা হলো।

অন্যদিকে, এই মামলার আরেক অভিযুক্ত বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে শনিবার (২১ মার্চ) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩ এপ্রিল তাকে পুনরায় আদালতে তোলা হবে। জেল হেফাজতে থাকাকালীন এসটিএফ তাকে কারাগারে গিয়ে জেরা করার অনুমতি পেয়েছে। বর্তমানে ফিলিপ দমদম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে জুমার নামাজ শেষে গণসংযোগ করার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর আসামিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি ইতোমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *