রাজধানীর ওয়ারী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, গাড়িচাপায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত তিনটার দিকে বঙ্গভবনের সামনের সড়ক থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন গণমাধ্যমকে বলেন, রাতে খবর পেয়ে বঙ্গভবনের সামনের সড়কে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই মাইনুদ্দিন আরও বলেন, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।