সেপ্টেম্বরে বসবে এশিয়ান গেমস। গেমসের অন্যতম ইভেন্ট হকি। থাইল্যান্ডে শুরু হয়েছে হকির বাছাইপর্ব। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রথম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম কোয়ার্টারে লড়াইটা হয়েছে সমানে সমান। প্রথমে অবশ্য পিছিয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ মিনিটে এগিয়ে যায় চায়নিজ তাইপে। সমতা আনতে বেশিক্ষণ সময় নেয়নি বাংলাদেশ। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে লিড নেয় বাংলাদেশ। লিড তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে আরও এগিয়ে নেন বাংলাদেশকে।
খেলা জমে ওঠে চতুর্থ ও শেষ কোয়ার্টারে। ৫৯ মিনিটে দ্বীন ইসলাম ইমন পেনাল্টি কর্নার থেকে গোল করলে বাংলাদেশের লিড ৪-১ হয়। সেখান থেকে ঘুরে দাঁড়ায় চাইনিজ তাইপে। দ্রুত দুই গোল শোধ করে খেলা জমিয়ে তোলে। তবে, বাংলাদেশ শেষের এক মিনিটে দাঁত চেপে রক্ষণ ঠিক রাখে। ধরা দেয় কাঙ্ক্ষিত জয়।
প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্ট এশিয়ান গেমসের মূলপর্বে খেলার সুযোগ পাবে।