এবার লুবাবার ঘোষণা: বাগদান সম্পন্ন, বিয়ে হবে দেশের আইন মেনে

বিনোদন অঙ্গন ছেড়ে দেওয়া আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী সিমরিন লুবাবার বিয়ে নিয়ে যখন চারপাশে জোর গুঞ্জন, তখন নিজেই নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লুবাবা জানান, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই আমাদের বিয়ে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়া প্রার্থী।’

এর আগে মঙ্গলবার বিকেলে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’—এই পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জনের সূত্রপাত।

তবে তখন পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ছবিতেও বর-কনের মুখ স্পষ্ট ছিল না, আর পাত্রের পরিচয় নিয়েও কোনো তথ্য দেননি লুবাবা। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-জল্পনা ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের আইন না মেনে ১৮ বছরের কম বয়সে বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে।

ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত লুবাবা প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে পরিচিতি পান। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে তিনি অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন। গত বছরের শেষ দিকে তিনি বিনোদন অঙ্গন ছাড়ার ঘোষণা দেন এবং জানান, ধর্মীয় অনুশীলনে মনোযোগ দিতেই তার এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *