উজিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৮

বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার সাকুরা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘আমাদের পরিবহণ’ নামের একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে ভুরঘাটা থেকে বরিশালগামী ‘নুরজাহান পরিবহণ’ নামের অপর একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসের চালক ও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ঘটনাস্থলে ছুটে যান। তিনি উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিকুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে পুলিশও উদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *