ইসলামাবাদে বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

পাকিস্তানে রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ‍যুদ্ধবিরতির আলোচনা।

শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় পৌনে ৬ টায় হোটেল সেরেনাতে এই আলোচনা শুরু হয়েছে।

বৈঠকে স্বাগতিক দেশ পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন শাহবাজ শরিফ। এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশরাক দার ও সেনাপ্রধান সৈয়দ অসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নখভি আলোচনায় অংশ নিচ্ছেন।

ইরান থেকে আসা ৭০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাগের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রতিনিধি আলি বাগেরি কানি, প্রতিরক্ষা ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং একাধিক সংসদ সদস্য।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে আছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা জেরার্ড কুশনার। এছাড়া, মার্কিন প্রতিনিধি দলেও কূটনৈতিক, নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা রয়েছেন।

আলোচনার মূল প্রেক্ষাপট তৈরি হয়েছে গত কয়েক সপ্তাহের সংঘাত থেকে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উত্তেজনা চরমে পৌঁছায়। এর জেরে ইরান হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরোপ করে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় সেই যুদ্ধবিরতি এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে।

ইরান আলোচনায় বসার আগে কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করা, লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনা, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করা এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের হামলা না হওয়ার নিশ্চয়তা।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *