ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

বৈরুতের আকাশে উড়ন্ত একটি ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ।

লেবাননের রাজধানী বৈরুতের আকাশে উড়ন্ত একটি ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য (সারফেস-টু-এয়ার) ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। এ ঘটনাকে চলমান সংঘাতে নতুন মাত্রার উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান ও তৎপরতা সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন হলেও হিজবুল্লাহর বিভিন্ন বিবৃতি থেকে ধারণা পাওয়া যাচ্ছে, তারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। খবর আল জাজিরার। 

হিজবুল্লাহর দাবি, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননের ভেতরে এবং সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অন্তত ৮২টি অভিযান পরিচালনা করেছে।

সংগঠনটি জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম শহরে ইসরায়েলি বাহিনী অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং সেখানে তীব্র লড়াই চলছে। এছাড়া টাইর শহরের আশপাশে দুটি ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ।

এদিকে কানতারা শহরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। মিনিয়ারা এলাকাতেও সরাসরি সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, বৈরুতের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের দিকে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছোড়া একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ, এতদিন এই ধরনের অস্ত্র ব্যবহারের সক্ষমতা থাকলেও রাজধানীর আকাশে তা ব্যবহার করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *