ইরান ও হিজবুল্লার হামলায় দুই শতাধিক ইসরায়েলি আহত

ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ২০৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৫ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আলজাজিরার। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলে মোট আহত মানুষের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে আসা ২০৪ জনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। এছাড়া ৯ জন মাঝারি ধরনের ও ১৮৪ জন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি ৯ জন ব্যক্তিকে তীব্র মানসিক ট্রমা বা উদ্বেগের কারণে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে ১২০ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাম্প্রতিক সময়ে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বৃদ্ধির ফলে আহতের এই সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে গত মঙ্গলবার তেল আবিব ও এর পার্শ্ববর্তী বনেই ব্রাক শহরের আবাসিক এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ৯ জন আহত হন, যাদের মধ্যে ৬ জনই শিশু।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অনেকে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে, আবার অনেকে সতর্ক সংকেত বা সাইরেন বাজার পর দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *