ইরানের বালিকা বিদ্যালয়ে হামলা, জবাবদিহিতার আহ্বান মার্কিন সিনেটরের

ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ জন স্কুলছাত্রী নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন সিনেটর রাফায়েল ওয়ার্নক। তিনি এই ট্র্যাজেডিকে বৈশ্বিক বিবেকের জন্য একটি বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছেন। এর জন্য দায়ী পক্ষগুলোর কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। খবর আল জাজিরার।

ডেমোক্র্যাটিক পার্টির এই প্রভাবশালী সিনেটর ও ধর্মযাজক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘যেসব নেতারা শিশুদের মৃত্যু এত সহজে এড়িয়ে যেতে পারেন, তাদের নৈতিক সংস্কার প্রয়োজন। আমাদের মনে রাখা উচিত, ইরানি শিশুরাও ঈশ্বরের সন্তান।’ ১৭০ জন শিশুর এই করুণ মৃত্যু পুরো বিশ্বকে আতঙ্কিত করেছে বলে মন্তব্য করেন তিনি।

ইরান সরকার এই নৃশংস হামলার জন্য মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে সরাসরি দায়ী করেছে। তবে মার্কিন প্রশাসনের অভ্যন্তরেও এ নিয়ে চাপের সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ মার্চ) সিনেটর ওয়ার্নকসহ ৪০ জন ডেমোক্র্যাটিক সিনেটর মার্কিন প্রতিরক্ষা বিভাগে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ইরানের মিনাবে প্রাথমিক বিদ্যালয়ে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলাসহ বেসামরিক হতাহতের ঘটনাগুলোর বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা ও জবাব চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *