ইরানি হামলার ভয়ে কিং ফাহাদ সেতুতে পারাপার বন্ধ

সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সংযোগকারী একমাত্র স্থলপথ ‘কিং ফাহাদ কজওয়ে’। ফাইল ছবি

ইরানি হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সংযোগকারী একমাত্র স্থলপথ ‘কিং ফাহাদ কজওয়ে’ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই গুরুত্বপূর্ণ সেতুটিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল স্থগিত থাকবে। 

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) কিং ফাহাদ সেতু কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে। খবর আলজাজিরার। 

কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে ইরানি হামলার হুমকির মুখে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে এই ২৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি দিয়ে যান চলাচল স্থগিত করা হয়েছে। 

১৯৮৬ সালে নির্মিত এই বিশাল সেতুটিই বাহরাইনের সঙ্গে সৌদি আরবের একমাত্র সড়ক যোগাযোগ পথ।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমাবর্ষণ করবে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইরানও হুমকি দিয়েছে, তাদের বেসামরিক অবকাঠামোতে কোনো আঘাত এলে তারা ‘বিধ্বংসী’ প্রতিশোধ নেবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত অভিযানের পর থেকেই পারস্য উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলার চালাচ্ছে ইরান। এর আগে বাহরাইনের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ড্রোন হামলার ঘটনা ও সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে ক্রমাগত হুমকির ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

কিং ফাহাদ কজওয়ে বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ সৌদি আরব বাহরাইন কিং ফাহাদ সেতু

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *