আলোচনায় নাটকের গান ‘আগুন’

বছরের সবচেয়ে বড় উৎসব ঈদ। সাধারণত এই সময়ে সিনেমার গানই দর্শকের মনে জায়গা করে নেয়। কিন্তু ২০২৬ সালের ঈদে দেখা গেছে এক ভিন্ন চিত্র। মুক্তিপ্রাপ্ত বড় বড় সিনেমার গান দর্শকের মনে দাগ রাখতে পারলেও, সব আলো কেড়ে নিয়েছে একটি নাটকের গান—‘আগুন’।

 ঈদের বিশেষ নাটক ‘গোলাপি’র এই গান মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটিক ভিডিও নির্মাণ, প্রেমময় কথার সুর, আকর্ষণীয় সংগীত এবং চোখ ধাঁধানো পারফরমেন্স মিলিয়ে গানটি হয়ে উঠেছে এবারের ঈদের অন্যতম আলোচিত গান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। কথার জন্য দায়ী রবিউল ইসলাম জীবন, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা, যেখানে পারফর্ম করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

গানটির অপ্রত্যাশিত সাফল্যে উচ্ছ্বসিত ইমরান বলেন, “আমরা ‘আগুন’ গানটা কোনো ‘হিট’ করার পরিকল্পনা নিয়ে বানাইনি। গল্পের প্রয়োজনেই এটি তৈরি হয়েছিল। কিন্তু দর্শক যেভাবে গ্রহণ করেছে, সেটা সত্যিই অবাক করার মতো। এখন মনে হচ্ছে, গানটা নিজেই পথ খুঁজে নিয়েছে।”

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, “ভালো কনটেন্ট থাকলে মাধ্যম কোনও বাধা নয়। আমরা সবসময় চেষ্টা করি মানসম্মত কাজ করতে। ‘আগুন’ সেই ধারাবাহিকতারই একটি অংশ। দর্শক এখন প্ল্যাটফর্ম দেখে না, তারা ভালো কনটেন্ট খোঁজে। এই গান প্রমাণ করেছে নাটকের গানও সিনেমার গানকে ছাড়িয়ে যেতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *