‘আমরা এখন তিনজন’, রাশমিকা-বিজয়ের পোস্টে নতুন জল্পনা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন শোরগোল। বিয়ের দেড় মাস পার হতে না হতেই এই জুটির একটি রহস্যময় পোস্ট নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন এই তারকা দম্পতি। ভিডিওটির ক্যাপশনে তারা লিখেছেন, ‘আমরা এখন তিনজন।’ আর এই বার্তার পর থেকেই নেটিজেনদের মনে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। অনেকেই ধারণা করছেন, খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন এই তারকা জুটি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

রাশমিকার এই পোস্টে মন্তব্যের ঘরে উপচে পড়ছে শুভেচ্ছা ও ভালোবাসা। তবে জল্পনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাদের। একাংশ প্রশ্ন তুলেছেন বিয়ের সময় নিয়ে। এক নেটিজেন মন্তব্য করেছেন, “বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন রাশমিকা?” এমনকি কেউ কেউ বিষয়টিকে অভিনেত্রী আলিয়া ভাটের ঘটনার সঙ্গেও তুলনা করেছেন।ভক্তদের একাংশ মনে করছেন এটি হয়তো কোনো পারিবারিক খুশির খবর নয়, বরং পেশাগত কোনো প্রচারণার অংশ। কারণ, অভিনেত্রী তার পোস্টে ‘টেরিবলি টাইনি’ (Terribly Tiny) নামে একটি অ্যাকাউন্ট ট্যাগ করেছেন। যা দেখে অনেকেরই ধারণা, এটি হয়তো কোনো নতুন সিনেমা, শর্ট ফিল্ম বা বিজ্ঞাপনের প্রচার কৌশল।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও রাশমিকা। অন্ধ্রপ্রদেশ ও কোদাবা ঐতিহ্যের মিশেলে হওয়া সেই বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর গত ৪ মার্চ হায়দ্রাবাদে বিনোদন জগতের বন্ধুদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান এবং সম্প্রতি বিয়ের এক মাস পূর্তিতে অনন্তপুরের একটি মন্দিরে পূজা দেওয়ার ছবিও ভক্তদের বেশ নজর কেড়েছিল।

এখন দেখার বিষয়, এই ‘তিনজন হওয়া’র বার্তা দিয়ে রাশমিকা-বিজয় কি সত্যিই নতুন অতিথির আগমনবার্তা দিলেন, নাকি এটি শুধুই তাদের নতুন কোনো কাজের ঘোষণা। উত্তরের অপেক্ষায় মুখিয়ে আছেন কোটি ভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *