আকুর বিল পরিশোধ

রিজার্ভ কমে দাঁড়াল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার

মার্কিন ডলার। ফাইল ছবি

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকে মোট বৈদেশিক মুদ্রার সঞ্চিতি (রিজার্ভ) কমে ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলারে চলে এসেছে। অপরদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, এ রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

আজ রোববার (৮ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান জানান, আজ গত দুই মাসের (জানুয়ারি ও ফেব্রুয়ারি) আকুর বিল ১৩৬ কোটি ৮৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। আকুর বিল পরিশোধের পর আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৯৩৮ কোটি ২৭ লাখ ৯০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৪১০ কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার।

গত বৃহস্পতিবার আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছিল তিন হাজার ৭৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৫৪৮ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার।

গত মঙ্গলবার আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল তিন হাজার ৫৮ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৫৩২ কোটি ৮০ লাখ ৯০ হাজার ডলার।

গত ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল দুই হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে, দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *