অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

রোববার (৫ এপ্রিল) পবিত্র ইস্টার সানডে উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলের আর্চবিশপস হাউসে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী এ কথা বলেন।

মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করে মির্জা ফখরুল বলেন, সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। এ সময় তিনি দেশে বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর জোর দেন।

ইউনাইটেড ফোরাম অব চার্চেস-বাংলাদেশের প্রেসিডেন্ট আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মন্ত্রী ইস্টার সানডের শুভক্ষণে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *